ইরান যুদ্ধের প্রভাব, শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল?

সংগৃহীত ছবি

পশ্চিম এশিয়ায় ইরান-ইসরায়েল সংঘাতের বাড়তে থাকা উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে।

পরিকল্পনা অনুযায়ী, দুবাইয়ের মরুভূমিতে একটি বড় অ্যাকশন সিকোয়েন্স ধারণ করার কথা ছিল। কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ সেই আন্তর্জাতিক শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

এখন পুরো সিকোয়েন্সটি মুম্বাইয়ের একটি স্টুডিওতে বিশাল মরুভূমির সেট তৈরি করে শুট করা হবে।

নির্মাতারা জানিয়েছেন, সেটটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে ছবির স্কেল ও ভিশন অক্ষুণ্ণ থাকে। বরং স্টুডিও শুটিংয়ের ফলে অ্যাকশন ও আলোর ওপর আরো নিখুঁত নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।

এই সিকোয়েন্সে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খান এবং অনিল কাপুরকে। জানা গেছে, দৃশ্যটি একটি হাই-অকটেন ধাওয়া দিয়ে শুরু হয়ে তীব্র অ্যাকশন লড়াইয়ে গড়াবে।

ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০২৫ সালের মে মাসে এবং ইতিমধ্যেই মুম্বাইয়ের মেহবুব স্টুডিও-তে বড় অংশের কাজ শেষ হয়েছে। একটি জেল সিকোয়েন্সে প্রায় ২০০ জন স্টান্টম্যান অংশ নিয়েছেন, যা ছবির বিশাল অ্যাকশন স্কেলকে তুলে ধরে।

তবে শুটিং চলাকালীন চ্যালেঞ্জও কম ছিল না। ২০২৫ সালের জুলাইয়ে একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় আহত হন শাহরুখ খান, যার জন্য তাকে চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছিল এবং প্রায় ছয় সপ্তাহ শুটিং বন্ধ ছিল।

এই ছবিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লাসহ আরও অনেকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।

উল্লেখ্য, শাহরুখ খান-কে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ডাংকি ছবিতে, যা পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি।

LEAVE A REPLY