সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
প্রেসিডেন্ট ট্রাম্পের বৈপরীত্য বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত প্রতিদিন আগের দিনের বলা কথার উল্টো কথা না বলা।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে ম্যাখোঁ বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালি মুক্ত করার ধারণাটি বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে সবার আগে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পথ উন্মুক্ত করা প্রয়োজন। তবে সুরক্ষার খাতিরে বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে একটি আশ্বাসমূলক মিশনের অংশ হিসেবে সামরিক বাহিনী পাহারায় থাকতে পারে।
সরাসরি সামরিক সংঘাতে অংশগ্রহণের বিষয়ে ফ্রান্সের অবস্থান স্পষ্ট করে ম্যাক্রন জানান, ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রান্স ইরানবিরোধী এই যুদ্ধে অংশ নেবে না।
তিনি এই সংঘাতকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ অভিযান হিসেবে অভিহিত করেন।
চলমান এই সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে ম্যাখোঁর দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত নেতিবাচক। একে ‘অগুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বাইরে থেকে নিরপেক্ষ পরিদর্শকদের তদারকি ছাড়া এমন অভিযানের কোনো সার্থকতা নেই।
ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ম্যাখোঁ সতর্ক করে বলেন, ইরানে অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ এবং বেশ কিছু গোপন পারমাণবিক স্থাপনা এখনো রয়ে গেছে। ফলে মাত্র কয়েক সপ্তাহের লক্ষ্যভেদী সামরিক অভিযান দিয়ে দীর্ঘমেয়াদে দেশটির পারমাণবিক সংকটের সমাধান সম্ভব নয়।
ডোনাল্ড ট্রাম্পের ঘনঘন অবস্থান পরিবর্তন এবং স্ববিরোধী মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত নয় প্রতিদিন আগের দিনের বলা কথার উল্টো কথা বলা।’










































