বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ছবি : ফেসবুক
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবিতে আসা এই পরিচালক একাধিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াসির সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। আজ সকালেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।
তবে আর কেউ করেছেন কি না, জানা নেই।’
গত কয়েক মাসে একাধিক পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন। এর আগে মার্চের শেষ দিকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন।
জানুয়ারিতে পদত্যাগ করেন আরেক পরিচালক ইশতিয়াক সাদেক। ইয়াসির সরে দাঁড়ানোর ফলে এই তালিকা আরো লম্বা হলো।
ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইয়াসির, ‘পুরো বিষয়টি একান্ত ব্যক্তিগত। এখানে ভিন্ন কোনো কারণ নেই।
যত দিন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি ঠিকঠাকভাবে কাজ করার।’
বিশেষ কারো চাপের কারণে পদত্যাগের সিদ্ধান্ত কি না, এমন প্রশ্নে ইয়াসির বলেন, ‘কিসের চাপ? চাপের কিছু নেই। আমি নিজের ইচ্ছাতেই আজ বিসিবি সভাপতি আমিনুল ভাইয়ের (আমিনুল ইসলাম বুলবুল) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’
গত বছর বহুল আলোচিত বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের শেষটায় দেখা যায় বিচিত্র কাণ্ড। এনএসসি তাদের কোটায় দুজনকে পরিচালক বানিয়ে একজনকে বিতর্কের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণের সিদ্ধান্ত নেয়।
সেই নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী, দুজন আসেন এনএসসির মনোনয়নে। সেই সময়েই দুই পরিচালকের একজন ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।









































