সোনারগাঁয়ে পালিত হলো পাহাড়ি বিজু উৎসব

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী  বৈসাবি বিজু উৎসব পালন করা হয়েছে। রোববার সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এ উৎসব পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের উপজেলার কাঁচপুর ও এর আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব  বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়।

উৎসব উপলক্ষে ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে নদীতে ফুল ভাসিয়ে সবার মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষরা জানান, নারায়ণগঞ্জে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তারা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পান। তাই দিবসটি তাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকে না। এজন্য এ বছর তারা প্রথমবারের মতো এ বিজু উৎসব পালন করছেন। ছোট পরিসরেও উৎসবটি পালন করতে পেরে তাদের ভালো লেগেছে বলে জানিয়েছেন।

আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জ জেলায় পাহাড়ি জনগোষ্ঠী চাকরি করেন। যারা এ উৎসবে বাড়ি যেতে পারেন না তাদের নিয়েই এ উৎসব আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রশাসনসহ সবার সহযোগিতা পেয়েছেন। নতুন বছর সবার সুন্দর কাটুক এ প্রত্যাশায় এ উৎসবের আয়োজন করা হয়।

LEAVE A REPLY