ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাটমার হাসিদিক সম্প্রদায়ের প্রধান রাব্বি অ্যারন টেইটেলবাম। প্রায় তিন মাস আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর হাতে একটি চিঠি তুলে দেন তিনি। সম্প্রতি প্রকাশিত ওই চিঠিতে ইহুদি ধর্মীয় পরিচয় ও ইসরায়েলের রাজনৈতিক পরিচয়কে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন এই ধর্মীয় নেতা।
নিউইয়র্কভিত্তিক ইহুদি ধর্মীয় আন্দোলন স্যাটমারের দুটি শাখার একটির নেতৃত্ব দেন অ্যারন টেইটেলবাম। গত ৩ সেপ্টেম্বর ট্রাম্পের হাতে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, শুধু ইহুদি ধর্মাবলম্বী হওয়ার কারণে ইসরায়েল বা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ইহুদিদের প্রতিনিধিত্ব করতে পারেন না। কারণ, তারা একই সঙ্গে ইহুদি ধর্মাবলম্বী এবং যুক্তরাষ্ট্রের নাগরিক।
চিঠিতে টেইটেলবাম লেখেন, ‘শুধু ইহুদি হওয়ার কারণে ইসরায়েল বা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ইহুদিদের প্রতিনিধিত্ব করে না। আমরা যুক্তরাষ্ট্রের ইহুদি এবং মার্কিন নাগরিক। আমাদের ধর্মবিশ্বাস আমাদের কোনো বিদেশি রাজনৈতিক জাতির সদস্য করে না। ধর্মের কারণে কোনো বিদেশি সরকারও মার্কিন নাগরিকদের হয়ে কথা বলার অধিকার পায় না।’
ট্রাম্পের কাছে নিজের ধর্মীয় বিশ্বাস, ইহুদিবাদবিরোধী অবস্থান কিংবা ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনো নীতি গ্রহণের দাবি জানাচ্ছেন না বলেও চিঠিতে স্পষ্ট করেন তিনি। তবে ইহুদি জাতীয়তাবাদকে তারা প্রত্যাখ্যান করেন বলে উল্লেখ করেন এই রাব্বি।
চিঠিতে টেইটেলবাম বলেন, ইহুদিদের মধ্যে বন্ধন তৈরি করে তাদের ধর্ম ও তাওরাত; কোনো অভিন্ন রাজনৈতিক নাগরিকত্ব বা জাতীয় আনুগত্য নয়। তারা ইহুদিদের কোনো রাজনৈতিক জাতি হিসেবে দেখেন না, বিশেষ করে এমন কোনো জাতি হিসেবে নয়, যার রাষ্ট্র ইসরায়েল।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ২০১৮ সালে পাস হওয়া ‘জাতিরাষ্ট্র আইন’-এরও সমালোচনা করেন তিনি। ওই আইনে ইসরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর জাতিরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ব জায়নিস্ট সংস্থার দেওয়া জায়নবাদের সংজ্ঞাও প্রত্যাখ্যান করেন টেইটেলবাম। সংস্থাটি জায়নবাদকে ইহুদি জনগোষ্ঠীর জাতীয় মুক্তি আন্দোলন হিসেবে বর্ণনা করে।
টেইটেলবামের যুক্তি, ইসরায়েলের নাগরিকেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেশটির রাষ্ট্রীয় পরিচয় নির্ধারণ করতে পারেন। তবে বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী ইহুদিদের জাতীয় বা রাজনৈতিক পরিচয় নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই।
চিঠিতে ব্রিটিশ ম্যান্ডেট শাসনামলে জায়নবাদবিরোধী অর্থোডক্স ইহুদি সম্প্রদায়কে পৃথক ধর্মীয় গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমরা চাই, একই নীতি আজও সম্মান করা হোক। জায়নবাদী ও জায়নবাদবিরোধী ইহুদিদের অবস্থান আলাদা এবং কোনো পক্ষই অন্য পক্ষের হয়ে কথা বলতে পারে না।’
ইসরায়েলের সঙ্গে বিশ্বের ইহুদিদের সম্পর্কের প্রসঙ্গে অতীতে ওই ভূখণ্ড শাসন করা ব্রিটিশ, উসমানীয় ও মামলুক কর্তৃপক্ষের উদাহরণ দেন টেইটেলবাম। তাঁর মতে, ইসরায়েলের ভূমির ধর্মীয় পবিত্রতা সেখানে ইহুদি সার্বভৌমত্বকে কোনো ধর্মীয় মর্যাদা দেয় না।
এ প্রসঙ্গে স্যাটমার হাসিদিক আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং তাঁর আত্মীয় রাব্বি জোয়েল টেইটেলবামের বক্তব্যও উল্লেখ করেন তিনি। হলোকাস্টের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জায়নবাদীরা ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি নন, বিষয়টি স্পষ্ট করা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করতেন জোয়েল।
টেইটেলবামের মতে, ইসরায়েলের যুদ্ধ, সীমান্ত, সামরিক ও পররাষ্ট্রনীতি শুধু ইহুদি পরিচয়ের কারণে যুক্তরাষ্ট্রের ইহুদিদের অবস্থান বা স্বার্থের প্রতিনিধিত্ব করে না। তাঁর অনুসারীদের সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক সম্পর্ক জাপান, উগান্ডা কিংবা অন্য যেকোনো বিদেশি দেশের সঙ্গে সম্পর্কের মতোই।
ইসরায়েলের কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে ইহুদি ধর্মীয় শিক্ষার সঙ্গেও সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি। তাঁর আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ইহুদিদের সঙ্গে ইসরায়েলকে এক করে দেখলে তাদের বিরুদ্ধে ‘দ্বৈত আনুগত্যের’ ইহুদিবিদ্বেষী অভিযোগ আরও জোরালো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে জায়নবাদী সংগঠনগুলো জায়নবাদবিরোধী ইহুদিদের প্রতিনিধিত্ব করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
চিঠিতে যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়ে টেইটেলবাম বলেন, যুক্তরাষ্ট্রই তাদের রাজনৈতিক আবাসভূমি।
ইহুদি নববর্ষ রোশ হাশানার আগে হোয়াইট হাউসে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে স্যাটমার নেতাদের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি মহলে সমালোচনা দেখা দেয়। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি স্যাটমার আন্দোলনের দুই প্রতিদ্বন্দ্বী নেতা অ্যারন টেইটেলবাম ও তাঁর ভাই রাব্বি জালমান লেইব টেইটেলবামের মধ্যে বিরল পুনর্মিলনেরও উপলক্ষ হয়ে ওঠে। আন্দোলনের নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দূরত্ব ছিল। ওই বৈঠকে দুই ভাই করমর্দন করেন।
ধর্মীয় নেতাদের প্রতিনিধিদলের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পাশাপাশি অ্যারন টেইটেলবাম আলাদাভাবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন। এ সময় তিনি রাষ্ট্রপ্রধানদের জন্য প্রচলিত ইহুদি আশীর্বাদও পাঠ করেন।











































