হাসপাতালের বিছানায় বিনোদ কাম্বলি। ছবি: সংগৃহীত
ভারতে ক্রিকেটকে অনেকটা ধর্মের মতোই দেখা হয়। জাতীয় দলের ম্যাচ থাকলে যেন সব কাজ বাদ দিয়ে স্টেডিয়াম কিংবা বাকোবাক্সের সামনে ভিড় জমান ভারতীয়রা। উন্মাদনায় মেতে ওঠে ১৩৫ কোটির বেশি মানুষের দেশটি।
আইপিএল নিয়েও উন্মাদনার শেষ নেই ভারতীয়দের।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হওয়ায় এখন বুঁদ হয়ে আছেন তারা। তবে এমন রোমাঞ্চকর সময়ে সাবেক-বর্তমান ক্রিকেটারসহ সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এক সংবাদ। নব্বইয়ের দশকের তারকা ব্যাটার বিনোদ কাম্বলি অসুস্থ হয়ে পড়েছেন। অনেক দিন ধরেই অবশ্য সাবেক বাঁহাতি ব্যাটার অসুস্থ।
তবে এবার গুরুতর অসুস্থ কাম্বলি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় তার ব্রেইন স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। কাম্বলিকে নিয়ে এমন দুঃসংবাদটি দিয়েছেন তার বন্ধু ও প্রথম শ্রেণির সাবেক আম্পায়ার মার্কাস কুটো। তিনি বলেছেন, ‘কাম্বলির স্মৃতিশক্তি ভালো নয়।
তবে গত ছয় মাসে খুব একটা অবনতি হয়নি। তিনি অনেক কিছুই মনে রাখতে পারছেন না। কোনো বিষয় যদি তার মাথায় থেকে যায়, সেটা মনে করতে পারেন। অন্যথা, পরিস্থিতি তার জন্য কঠিন।’
এখনি চিকিৎসা না নিলে ভবিষ্যতে ব্রেইন স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে কুটো বলেছেন, ‘কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার ব্রেইন স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।’
ভারতের হয়ে ১৭ টেস্ট ও ১০৪ ওয়ানডে খেলা কাম্বলির চিকিৎসার জন্য ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। গ্রুপটিতে যুক্ত আছেন সাবেক ক্রিকেটাররা। যুক্ত আছেন কাম্বলির বন্ধু শচীন টেন্ডুলকারও। এর আগে হৃদরোগে আক্রান্ত হলে ২০১৩ সালে দুইবার অস্ত্রোপচার করানোর খরচ বহন করেন কিংবদন্তি শচীনই।








































