সংগৃহীত ছবি
চলতি মাসের শুরুতে ইরানের ইসফাহান প্রদেশে একটি স্থল অভিযানের চেষ্টাকালে মার্কিন বাহিনী বড় ধরনের পরাজয় বরণ করেছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
তিনি বলেন, দক্ষিণ ইসফাহানে সংঘটিত এই অভিযানে চারজন ইরানি সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আর্মি গ্রাউন্ড ফোর্সেস এয়ার ডিফেন্স ফ্যাকাল্টির প্রশিক্ষক ও কমান্ডার জেনারেল মাসউদ জারে।
অভিযানে অংশ নিয়েই তিনি নিহত হন।
মুখপাত্র জানান, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির নির্দেশে যেকোনো স্থল আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। ‘কোনো আগ্রাসীকে জীবিত ফিরে যেতে দেওয়া হবে না’—এমন নির্দেশনাও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আকরামিনিয়ার দাবি, গত ৫ এপ্রিল মার্কিন বাহিনী ইসফাহানে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
খবর পেয়ে জেনারেল জারে ও তার সহযোদ্ধারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং একটি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানকে লক্ষ্য করে আঘাত হানেন। এতে মার্কিন অভিযানে বিঘ্ন ঘটে এবং শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়।
তিনি আরো বলেন, যুদ্ধবিরতি চললেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধকালীন প্রস্তুতির সমতুল্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
সূত্র : তাসনিম নিউজ









































