ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা টেকসই করতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ফেসবুক

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ রবিবার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই উচ্ছ্বসিত ও আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন থেকে প্রতিটি জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মান এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিবিড়ভাবে তদারকি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রাকে টেকসই করতে সরকার বদ্ধপরিকর।

ক্রীড়া কূটনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং খোলা হয়েছে।

ফুটবল উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, বাফুফে তাদের প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে নতুন কোচ নিয়োগ দেবে।

এ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় তা সমাধানে পাশে থাকবে।

এ ছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের কমপ্লেক্স নির্মাণের জন্য জমি বরাদ্দের বিষয়ে ইতোমধ্যে দাপ্তরিক আলোচনা শুরু হয়েছে। দ্রুতই এ বিষয়ে সমাধান হবে বলেও আশ্বস্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY