সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।এ সময় ছড়িয়ে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরব নিউজের খবরে বলা হয়েছে, রবিবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রিয়াদে সৌদি আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়।এতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়লে কিছু ক্ষয়ক্ষতি হয়। তবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাটি মোকাবেলায় কাজ শুরু করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এ ছাড়া রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।
নভেম্বরের শুরু থেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ধারাবাহিকভাবে আকাশপথে হামলার হুমকি তৈরি হচ্ছে। সর্বশেষ এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশটির সামরিক জোট।









































