হোসামকে অপসারণের পরই নতুন কোচের নাম ঘোষণা করল মিসর

মিসরের নতুন কোচ আলি মাহের। ছবি : সংগৃহীত

মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে হোসামকে অপসারণের পরই বড় ঘোষণা দিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ফারাওদের নতুন কোচ হিসেবে হোসামের স্থলাভিষিক্ত হলেন আলি মাহের।মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

ইএফএ জানিয়েছে, জাতীয় দলের স্বার্থই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর প্রস্তুতি সামনে রেখে দলে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সাম্প্রতিক ঘটনাবলি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে চুক্তির শর্তানুযায়ী বিদায়ি কোচ হোসাম হাসান এবং তাঁর কোচিং ও প্রশাসনিক স্টাফদের ধন্যবাদ জানিয়ে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইএফএ বোর্ড।

দায়িত্বকালীন হোসাম হাসানের প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে ফেডারেশন। সেই সঙ্গে তাঁর ভবিষ্যৎ পেশাদার জীবনের সাফল্যও কামনা করা হয়েছে।

এদিকে জাতীয় দলের পরবর্তী মিশনের প্রস্তুতি শুরু করার পাশাপাশি সাবেক এই মিসরীয় ফুটবলারকে তাঁর প্রস্তাবিত নতুন কোচিং স্টাফদের তালিকা জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

আলি মাহেরের এই নিয়োগের মধ্য দিয়ে মিসরীয় ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।ফেডারেশনের প্রত্যাশা, তাঁর হাত ধরে দলে স্থিতিশীলতা ফিরবে এবং উন্নতির ধারা অব্যাহত থাকবে।

দায়িত্ব নেওয়ার পরপরই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন তিনি। আগামী ১৩ ও ১৭ নভেম্বর ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাই পর্বে মালাউইয়ের মুখোমুখি হবে মিসর।


LEAVE A REPLY