ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচের খোঁজে বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার।

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সেই দুই ম্যাচে প্রধান কোচ পিটার বাটলারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে।

জানা গেছে, পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি নিজ দেশ ইংল্যান্ডে চিকিৎসাধীন। আপাতত তার মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ৩১ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রস্তুতি শুরু করেছেন ঋতুপর্ণা-আফঈদা-তহুরা-মনিকারা।গত সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে মূল দলের দায়িত্ব নেওয়া বাটলার মেয়েদের সঙ্গে চট্টগ্রামে না গিয়ে চিকিৎসার জন্য নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান।

বাটলারের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিতে পারেন ফরাসি কোচ এরিক মেয়ার। উয়েফা লাইসেন্সধারী এই কোচ শিগগিরই ঢাকায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও বাফুফের পক্ষ বিকল্প কোচের নাম বলা হয়নি।

অক্টোবরের শেষ সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাটলার। তার অনুপস্থিতিতে দলের অনুশীলন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপাতত বাটলারের পাঠানো নির্দেশনায় আবুল ও লিনা কাজ করছেন। 

বাটলারের অসুস্থতা নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’ 

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ইংল্যান্ডে পৌঁছানোর পরই বাটলার জানান, সিঙ্গাপুরের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না। দুটি ম্যাচের জন্য নতুন কোচের সন্ধান করছেন বাফুফে সভাপতি।’

LEAVE A REPLY