দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবী শিরিন

ইমরানুর রহমান (বাঁয়ে) ও শিরিন আক্তার। ছবি : সংগৃহীত

৪৯তম জাতীয় অ্যাথলেটিকস ট্র্যাকে গড়িয়েছে আজ (১৭ মে)। জাতীয় স্টেডিয়ামে আসরের প্রথম দিনে দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান, দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর। এদিকে মেয়েদের ১০০ স্প্রিন্টার স্প্রিন্টে সবার আগে দৌড় শেষ করে হারানো মুকুট ফিরে পেয়েছেন শিরিন। 

নৌবাহিনীর ইমরানুর ১০.৫৮ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন। এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল।

গত বছরের আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে সুমাইয়া আক্তারের কাছে হেরে মুকুট হারিয়েছিলেন শিরিন আক্তার। সেবার সুমাইয়ার ১২.১৯ সেকেন্ডের বিপরীতে শিরিনের টাইমিং ছিল ১২.২১ সেকেন্ড। 

তবে এবার জাতীয় অ্যাথলেটিকসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন শিরিন। ১২.১০ সেকেন্ড সময় নিয়ে তিনি আবারও দেশের দ্রুততম মানবী হয়েছেন।অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন সুমাইয়া এবার টাইমিংয়ে পিছিয়ে পড়ে চতুর্থ হয়েছেন।

এটি শিরিন আক্তারের ক্যারিয়ারের ১৭তম দ্রুততম মানবীর খেতাব। এই জয়ের মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন দেশের সাবেক কৃতি স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭বার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। আজ জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে শিরিনের এই রেকর্ড ছোঁয়া নিজের চোখে দেখেছেন বিউটি।

ছেলে ও মেয়ে বিভাগ মিলিয়ে এবারের জাতীয় অ্যাথলেটিকসে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।৪৫টি সংস্থার ৪১০ জন অ্যাথলেট এতে অংশ নেবেন, যাদের মধ্যে ৩১২ জন পুরুষ ও ৯৮ জন নারী। 

জাতীয় স্টেডিয়ামে মাঠের সংস্কারকাজ চলছে। তাই থ্রো ইভেন্টগুলো হবে আর্মি স্টেডিয়ামে। ম্যারাথন ইভেন্ট হবে পূর্বাচলের ৩০০ ফিটে।

LEAVE A REPLY