চেলসির সেরা খেলোয়াড় হলেও ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেদ্রোর। ছবি : রয়টার্স
সময়ের কী নির্মম পরিহাস! সুসংবাদ পেয়েও উপভোগ করতে পারছেন না জোয়াও পেদ্রো। পারবেন কী করে? কয়েক ঘণ্টা আগেই আজন্ম স্বপ্ন ভেঙেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
স্বপ্ন বুনছিলেন বিশ্বকাপ মাতাবেন। স্বপ্নের বেলুনটা আরো বড় হচ্ছিল পেদ্রোর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। কিন্তু গতকাল রাতে এক মুহূর্তেই সেই বেলুন ঠুস। ব্রাজিলের ২৬ সদস্যের দলে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপ খেলার স্বপ্নই যখন টুটে যায় তখন কোনো পুরস্কারই কী আর সান্ত্বনা দিতে পারে। তেমনি পারছে না চেলসির এই মৌসুমের খেলোয়াড়ের পুরস্কার। উল্টো বিশ্বকাপের দল ঘোষণার পর পরেই চেলসি তার নাম ঘোষণা করায় পুরস্কারটা যেন তার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে।
দল হিসেবে এ মৌসুমে চেলসি ভালো করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন পেদ্রো।এ মৌসুমে চেলসির সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তারই স্বীকৃতি। কিন্তু লাভ কী, যার জন্য এতটা পরিশ্রম সেই বিশ্বকাপ দলেই জায়গা হলে না তার। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলে ২০ গোল করেছেন তিনি। সঙ্গে স্টামফোর্ড ব্রিজের সর্বোচ্চ গোলদাতা ৯টি অ্যাসিস্টও করেছেন।
এমনকি চেলসির মোট গোলের এক-তৃতীয়াংশের বেশি করেছেন পেদ্রো।এ মৌসুমে এখন পর্যন্ত ৫৫ গোল করেছে চেলসি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ব্রাজিলের বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়া পেদ্রো তাই ধৈর্যই ধরছেন। তিনি বলেছেন, ‘সব সময় আমার সেরাটা দিয়েছি। দুর্ভাগ্যক্রমে দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। তবে আমি শান্ত ও মনোযোগী আছি। সব সময় যা করি।’










































