সৌদি পৌঁছেছেন ৬৮৭৩২ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৭৭টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ৭৩২ জন হজযাত্রী। এর মধ্যে মারা গেছেন মোট ১৮ জন।

আজ বুধবার (২০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী। মক্কায় ১৩ জন ও মদিনায় ৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি, সৌদি এয়ারলাইনসের ৬৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইটসংখ্যা ২২টি।

আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

LEAVE A REPLY