ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ‘দীর্ঘ ও নাটকীয়’ ফোনকল

ছবি : এনডিটিভি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। তাদের দাবি, ইরানকে ঘিরে দুই নেতা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছেন।

ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, তেহরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত তিন দিনের মধ্যে এটি ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর দ্বিতীয় কথোপকথন। এর আগে রবিবারও তারা ফোনে আলোচনা করেছিলেন। তখন মূলত ট্রাম্পের চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার বৈঠক নিয়ে কথা হয়েছিল বলে জানা যায়।

চ্যানেল ১২-এর ভাষ্য অনুযায়ী, দুই নেতার সর্বশেষ ফোনালাপ ছিল ‘দীর্ঘ ও নাটকীয়’। তবে ইরান নিয়ে ঠিক কী সিদ্ধান্তের আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, শান্তি চুক্তির সুযোগ দেওয়ার জন্য তিনি একটি বড় ধরনের হামলা স্থগিত রেখেছেন।তার দাবি, সিদ্ধান্তটি নেওয়ার আগে তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলার অনুমোদন দেওয়া থেকে মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন।

ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ এড়াতে চান, তবে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের হামলা চালানো হতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মাত্র এক দফা আলোচনা হয়েছে। ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে ইরান আলোচনায় বিদেশে জব্দ হওয়া সম্পদ ফেরত, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সংঘাতের ক্ষতিপূরণ দাবি করে আসছে। একই সময়ে দেশটি সামরিক চাপও অব্যাহত রেখেছে। এটি মধ্যপ্রাচ্যে আরো বড় আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

LEAVE A REPLY