বরখাস্ত হলেন এসি মিলানের কোচ

ইতালিয়ান লিগ সিরি-এর চলতি মৌসুমে এসি মিলামের ভরাডুবিতে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সদ্য শেষ হওয়া মৌসুমটিকে  ‘দ্ব্যর্থহীন ব্যর্থতা’  হিসেবে আখ্যায়িত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিগের শেষ ম্যাচে ক্যাগলিয়ারির কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে যায় এসি মিলান। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়  ক্লাবটি। 

ক্লাবের এই চরম ব্যর্থতায় বড় ধরনের ছাঁটাই অভিযান শুরু করেছে মিলানের মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল।

২০২৪-২৫ মৌসুমে পয়েন্ট টেবিলের চারের নিচে থেকে মৌসুম শেষ করায় মিস করে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগ।সদ্য শেষ হওয়া আসরে তাই লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা, যা পূরণে ব্যর্থ হয়েছে কোচ মাসিমিলিয়ানোর শিষ্যরা। 

তবে মৌসুমের বেশির ভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে ছিল ক্লাবটি। শেষের দিকে ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট তালিকার চার থেকে ছিটকে যায়িএসি মিলান।

ঘরের মাঠ সান সিরোতে ক্যাগলিয়ারির বিপক্ষে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের টিকিট হারায়।

অ্যালেগ্রির পাশাপাশি ক্লাবের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদেরও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  ব্যাপক সমালোচনা সত্ত্বেও ক্লাবের কিংবদন্তি এবং রেডবার্ডের বিশেষ উপদেষ্টা জ্লাতান ইব্রাহিমোভিচ স্বপদে বহাল রয়েছে।

আগামী ২০২৬-২৭ মৌসুমে এসি মিলান জুভেন্টাসের সাথে ইউরোপা লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্লাবটির পক্ষ থেকে শিগগিরই নতুন কোচ এবং নতুন ফুটবল পরিচালনা পর্ষদ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে জানা গেছে।

LEAVE A REPLY