শিবচরে বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাস্তার দুই পাশের গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এছাড়া ঘরবাড়ি, বিদ্যুতের লাইনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বুধবার (২৭ মে) সকাল থেকে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী হওয়া এ ঘূর্ণিঝড়ে উপজেলার বহেরাতলা, বাঁশকান্দি, নিলখী, শিরুয়াইল, উমেদপুর, ভান্ডারীকান্দি, ভদ্রাসনসহ বিভিন্ন ইউনিয়নে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঝড়ের সময় অনেক স্থানে বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়, ফলে কয়েকটি এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ও সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, আকস্মিক এ ঘূর্ণিঝড়ে অনেকের টিনের ঘরের চালা উড়ে গেছে এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা ভেঙে পড়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, ঘূর্ণিঝড়ের পর উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

LEAVE A REPLY