ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, জেনেলিয়ার পাশে দাঁড়িয়ে রিতেশের মজার পোস্ট

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নতুন সিনেমার প্রচারে একটি রিয়েলিটি শোয়ে গিয়ে এমন দৃশ্যে অংশ নেন তাঁরা। বিষয়টি নিয়ে যখন নেটদুনিয়ায় আলোচনা ও নানা জল্পনা চলছে, তখন স্ত্রী জেনেলিয়াকে নিয়ে মজার একটি পোস্ট দিয়ে সবার নজর কেড়েছেন তাঁর স্বামী অভিনেতা রিতেশ দেশমুখ।

বলিউডের জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত রিতেশ ও জেনেলিয়া। এক যুগেরও বেশি সময় ধরে সংসার করছেন তাঁরা। দুই সন্তানের এই বাবা-মায়ের সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া প্রায়ই ভক্তদের আলোচনায় উঠে আসে।

সম্প্রতি ‘গান মাস্টার’ সিনেমার প্রচারে ইমরান হাশমির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জেনেলিয়া। এরই ধারাবাহিকতায় একটি রিয়েলিটি শোয়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। ভিডিওতে ইমরানকে জেনেলিয়ার কানের দুল ঠোঁট দিয়ে খুলে নিতে দেখা যায়। অপ্রত্যাশিত এই দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয় আলোচনা।

অনেকের ধারণা, পুরো বিষয়টি সিনেমার প্রচারের অংশ হিসেবে পরিকল্পিতভাবে করা হয়েছে। কারণ, জেনেলিয়ার নতুন সিনেমার লুকেও কানের দুলটি বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে।

এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিতেশের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়েও নানা আলোচনা শুরু হয়। তবে সব জল্পনায় ভিন্ন মাত্রা যোগ করেন রিতেশ নিজেই।

স্ত্রী জেনেলিয়ার সঙ্গে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, নৈশভোজের আয়োজনে রিতেশের কোলে বসে রয়েছেন জেনেলিয়া। ছবির ক্যাপশনে রিতেশ লেখেন, ‘টেবিল দুজনের জন্য, চেয়ার একজনের।’

রিতেশের এই রসিকতাপূর্ণ পোস্ট ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ইমরান-জেনেলিয়ার ভাইরাল দৃশ্য নিয়ে তৈরি হওয়া আলোচনা ও জল্পনার মধ্যে স্বামীর এমন মজার প্রকাশভঙ্গি নতুন করে নজর কেড়েছে। এতে তাঁদের সম্পর্কের স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ দিকটিও সামনে এসেছে।

LEAVE A REPLY