ভারতীয় দলের তারকা ফরোয়ার্ড মনিষা কল্যাণ। ছবি : সংগৃহীত
গত মার্চে বাংলাদেশের পাশাপাশি এএফসি নারী এশিয়ান কাপ খেলেছে ভারতও। তিনটি ম্যাচই হেরেছে তারা।তবে বড় মঞ্চে দুইটি গোলও পেয়েছে। এর একটি মনিষা কল্যাণের। চায়নিজ তাইপের বিপক্ষে ফ্রি কিকে দুর্দান্ত গোল করে নজর কেড়েছিলেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শুধু ওই গোলই নয়, গত ৫-৬ বছর ধরে ভারতের আক্রমণভাগের প্রাণভোমরা মনিষা।ভারতের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলেছেন উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের ম্যাচও। খেলেছেন ইউরোপের দুইটি ক্লাবে। এমন অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারকে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাচ্ছে না ভারত।
পেরুর ক্লাব আলিয়াঞ্জা লিমার হয়ে খেলা মনিষা জাতীয় দলে যোগ দেবেন ১ জুন।সেদিনই শুরু হবে ফিফা উইন্ডো। উইন্ডোর আগেই নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাওয়ায় মনিষাকে ছাড়েনি তার ক্লাব। বাংলাদেশের বিপক্ষে গোলও আছে মনিষার। ২০১৯ সাফে ৪-০ ব্যবধানের জয়ে ম্যাচে একটি গোল করেছিলেন তিনি।
২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া মনিষা পেরুর লিগ ছাড়াও খেলেছেন সাইপ্রাস ও গ্রিসের ক্লাবে।২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন সাইপ্রাসের অ্যাপোলোন ক্লাবে। সেখানে ৪৬ ম্যাচে করেন ১৬টি গোল। জিতেছেন দুইটি লিগ শিরোপা।
এরপর নাম লেখান গ্রিক ক্লাব পিএওকেতে। এক মৌসুমে ২৩ ম্যাচে তার গোল ছিল আটটি। আন্তর্জাতিক ফুটবলেও তার গোল ১৫টি।
২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে ৬-১ গোলে ভারত হারলেও একমাত্র গোলটি ছিল মনিষা কল্যাণের। ভারতীয় ফুটবলের বর্ষসেরার পুরস্কারও জিতেছেন দুইবার। এমন একজন ফরোয়ার্ডকে মোকাবেলা করতে হচ্ছে না বলে কিছুটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ।
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।










































