দর্শনা সীমান্তে পুশইনের সময় নারী ও শিশুসহ আটক ১০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশইনের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদার বারাদি সীমান্ত ফাঁড়ির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছেন। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ভোরবেলা ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের পুশইন করে। ১০ জনের মধ্যে অধিকাংশই সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। খবর ছড়িয়ে পড়লে দুপুরে তাদের দুজন অভিভাবক ঘটনাস্থলে পৌঁছান। আরও বেশ কিছু মানুষকে এভাবে পুশইন করা হবে বলে তথ্য পাওয়া যায়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।

LEAVE A REPLY