আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পরিদর্শনে যাবেন। যদিও তেহরান ইঙ্গিত দিয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এমন কোনো পরিদর্শন হবে না।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) গ্রোসি বলেন, ‘এটি ঘটবেই।’
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন চালানো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই চুক্তির লক্ষ্য হলো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের অবসান ঘটানো।
তবে একজন ইরানি কূটনীতিক বলেছেন, আইএইএর পরিদর্শকদের কোনো সফর কেবল তখনই সম্ভব হবে, যখন উভয় পক্ষের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।
এই মন্তব্যগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে, চুক্তির ব্যাখ্যা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত-সংক্রান্ত ধারাগুলো নিয়ে দুই পক্ষের অবস্থানে পার্থক্য দেখা যাচ্ছে।









































