এবারের পর আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না রোনালদোকে। ছবি : রয়টার্স
বয়স তো কম হলো না। ৪১ বসন্ত পার করছেন।অনেকে যেখানে ত্রিশের কোঠা পার হতেই বুটজোড়া তুলে রাখেন সেখানে এই বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসায় তাই অবসর নিয়েই প্রশ্ন বেশি শুনতে হয়েছে রোনালদোকে।
শুনতে যে মোটেও ভালো লাগে না তার, স্পষ্ট করে আবারও জানালেন রোনালদো। কারো কথায় নয়, নিজের ইচ্ছায় থামবেন জানিয়ে ‘সিআর সেভেন’ বলেছেন, ‘আমি যখন চাইব তখন থামব।আপনারা সব সময় একই প্রশ্ন করেন, এটাই কি আপনার শেষ? আমরা সামনে দেখব। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকাল আমরা ভালো খেলি এবং পরের রাউন্ডে যাওয়ার বিশ্বাস রাখি।’
আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন সেটা না জানালেও এটাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে জানিয়ে দিয়েছেন রোনালদো।পর্তুগাল অধিনায়ক বলেছেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। সময়টা উপভোগ করতে চাই। তবে আশা করি আগামীকাল (আজ) আমার শেষ ম্যাচ নয়।’
আজ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে পর্তুগাল। ম্যাচের ফল যাই হোক না কেন নির্মল হৃদয়ে বিদায় নিবেন রোনালদো।আল নাসরের স্ট্রাইকার বলেছেন, ‘খেলায় যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো এখান থেকে হাজার ভাগ নির্মল হৃদয়ে বিদায় নেবে। আবেগ, ইচ্ছা—সব দিয়ে ফুটবল খেলেছি, কোনো অভাব বা প্রয়োজনের তাগিদে খেলিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, জীবনে আমি খুব ভালো অবস্থানে আছি। ভালোবাসা থেকেই ফুটবল খেলেছি।’
আর বিশ্বকাপ জিততে না পারলে তার অর্জন খাটো হয়ে যাবে বলে মনে করেন না রোনালদো। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘বিশ্বকাপ জিতলে আরো বড় ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও ছোট হবো না। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন এবং আমি যা কখনো জেতার আশা করিনি, তার চেয়েও বেশি দিয়েছেন। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই মূল লক্ষ্য।’








































