আমাদের সঙ্গেও এমনটা ঘটতে পারত—ব্রাজিলের বিদায় নিয়ে স্কালোনি

সংবাদ সম্মেলনে কথা বলছেন স্কালোনি। ছবি : রয়টার্স

পা হড়কালেই পত্রপাঠ বিদায়। ঠিক যেমনটা বিদায় হয়েছে ব্রাজিল-পর্তুগাল।মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে নামার আগে তাই সতর্ক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের বিশ্বকাপে ফেভারিট বলতে কেউ নেই।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। ফেভারিট বলতে কেউ নেই।বিশ্বকাপে আগে যেমন আমরা দেখতাম… কোনো দলকেই এবার স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না। আগের আসরগুলোর তুলনায় এবার পরিস্থিতিও অনেক ভিন্ন। চার-পাঁচটি দলকে অন্যতম ফেভারিট ধরা হলেও, যে ধরনের ফুটবল প্রত্যাশা করি, সেই মানের পারফরম্যান্স তারা দেখাতে পারেনি।’

বিশ্বকাপ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে জানিয়ে স্কালোনি বলেছেন, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন হচ্ছে।একক কোনো দল নেই আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়তে হয়েছে, স্পেন লড়াই করেছে পর্তুগালের বিপক্ষে। কোনো দলই তাদের পারফরম্যান্সের মান ধরে রাখতে পারছে না, কারণ প্রতিপক্ষরাও ভালো খেলছে।’

মিসরকে নিয়ে তাই সতর্ক আর্জেন্টিনা। স্কালোনি বলেছেন, ‘আমরা বেশ সতর্ক আছি, কারণ মিসর খুব কঠিন প্রতিপক্ষ।তাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে এবং কোচও দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সালাহ দুর্দান্ত খেলোয়াড়, তার মুখোমুখি হওয়াটা আনন্দের। তবে আমরা সব সময়ই দলগতভাবে সতর্ক আছি।’

নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। কেপ ভার্দের বিপক্ষে নিজেদের ফলও এমন হতে পারত জানিয়ে স্কালোনি বলেছেন, ‘ওরা (ব্রাজিল) বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। ঠিক যেমনটা সেদিন (কেপ ভার্দের বিপক্ষে) আমাদের ক্ষেত্রেও ঘটতে পারত কিংবা এই বিশ্বকাপে যে কারো সঙ্গেই ঘটতে পারে।’  

তবে এখন পর্যন্ত নিজের দলের পারফরম্যান্সে খুশি কি না এমনটা জানাতে চাওয়া হলে স্কালোনি বলেছেন, ‘আমাদের পারফরম্যান্স সন্তোষজনক। চারটি ম্যাচই জিতেছি, এটিই সন্তুষ্ট হওয়ার বিষয়। তবে জিতলেও উন্নতির সুযোগ সব সময় থাকে।’

LEAVE A REPLY