গত ৫ জুলাই লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া নারী ক্রিকেটদল। কিন্তু সে সাফল্যের রেশ কাটার আগেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেটদলের দুই সদস্যের পরকীয়ার অভিযোগে তোলপাড় ক্রিকেটবিশ্ব।অভিযোগের তীর দলের সহ-অধিনায়ক অ্যাশলেই গার্ডনারের দিকে। আর অভিযোগ এনেছেন তার স্ত্রী মনিকা রাইট। ইনস্টাগ্রামে মনিকা অভিযোগ করেন, নারী ক্রিকেটদলের ওপেনার জর্জিয়া ভলের সঙ্গে পরকীয়ার কারণে তার স্ত্রী গার্ডনার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
ঘটনাটা অবশ্য একটু পুরনো।গত বছর ভারতে নারী এক দিনের ক্রিকেটের বিশ্বকাপের সময়ই ২২ বছরের জর্জিয়ার সঙ্গে ২৯ বছরের গার্ডনারের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জেনে যান গার্ডনারের স্ত্রী মনিকা রাইট। খবর পেয়ে তিনি টুর্নামেন্টের মাঝখানেই ভারতে ছুটে আসেন। টুর্নামেন্টের মাঝখানে স্ত্রী মনিকা চলে আসায় গার্ডনার তার সঙ্গে রাগারাগিও করেন।অবশ্য ভারত থেকে ফিরে গার্ডনার পুরো বিষয়টি স্বীকার করেন এবং মনিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু স্ত্রীর বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়া মনিকা তাতে রাজি হননি। একপর্যায়ে গত নভেম্বরে একদিন সিডনির বড়িতে ফিরে মনিকা দেখতে পান, গার্ডনার তার সব কিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। অবশ্য গার্ডনার তাদের বিয়ের আংটিটি রেখে গিয়েছিলেন। তখন থেকেই তারা আলাদা থাকছেন।মনিকা তার সোশ্যাল মিডিয়া থেকে গার্ডনারের সব ছবি মুছে ফেলেছেন এবং তাকে আনফলো করে দিয়েছেন।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেটদলের সবাই গার্ডনার ও জর্জিয়ার সম্পর্কের বিষয়টি জানত। তবে কেউ তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নাক গলায়নি। গার্ডনার ও মনিকা আলাদা থাকলেও এত দিন বিষয়টা ব্যাপকভাবে জানাজানি হয়নি। তবে রবিবার লন্ডনভিত্তিক ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ এক রিপোর্টে প্রথম গার্ডনারের দাম্পত্য সম্পর্ক ভাঙার বিষয়টি প্রকাশ করে।
রিপোর্টে বলা হয়, অ্যাশলেই গার্ডনার ও মনিকা রাইটের বিয়ে ভেঙে গেছে এবং ক্রিকেটার তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন। তবে রিপোর্টে কারো নাম উল্লেখ করা হয়নি।
ডেইলি মেইল কিছুটা রাখঢাক করলেও মনিকা রাইট তার ধার ধারেননি। সোমবার প্রথমে ডেইলি মেইলের রিপোর্টের স্ক্রিনশট শেয়ার করে মনিকা লেখেন, ‘তথ্যগুলো খুবই অস্পষ্ট, আমি আপনাদের বলছি ঠিক কী ঘটেছিল।’ এর ঠিক পরের স্টোরিতেই অস্ট্রেলীয় ওপেনার জর্জিয়া ভলের ছবি পোস্ট করে মনিকা সরাসরি লেখেন, ‘এই সেই নারী, যার কারণে আমার স্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ তারপরই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
২০২০ সালে একটি অনলাইন অ্যাপে সমকামী গার্ডনার ও মনিকার পরিচয়। চার বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। মনিকার এক বান্ধবী জানিয়েছেন, দুজন সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। ক্লিনিকেও গিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর মনিকা ক্লিনিকে জানিয়ে দেন, আপাতত পরিবার বড় করবেন না তারা।
দলের দুই খেলোয়াড়কে কেন্দ্র করে এই পরকীয়া ও পারিবারিক বিবাদের অভিযোগ ওঠায় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটদলের ড্রেসিংরুমে একটি বড় ধরনের বিভক্তি ও অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। তবে এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, গার্ডনার বা জর্জিয়া কোনো মন্তব্য করেননি।










































