সাবেক এমপির চার বাড়িতে আগুন, হামলা আরও কয়েকটিতে

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত ছয় থেকে সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে হামলার অভিযোগে অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বড়রূহী গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। এ সময় রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে কারাবন্দী আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ আরও অন্তত দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিতভাবে তাদের বাড়িতে এসে আগুন ধরিয়ে দেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।

ওসি আরও বলেন, হামলার জেরে উত্তেজিত জনতা রফিকুল ইসলাম নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দেয়। পরে সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করা হলে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে যায়।

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। তবে কারা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা তিনি জানেন না। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY