ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, ২ শিক্ষার্থীসহ নিহত ৩

ছবি : এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি স্কুল বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ও বাসচালকসহ মোট তিনজন নিহত হয়েছেন।এ ছাড়া আহত হয়েছে আরো কয়েকজন শিক্ষার্থী। দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার (১৭ জুন) সকাল ৭টায় মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়। এ সময় স্কুল বাসটি লাইন পার হতে গেলে নিমতিতা-কাটোয়াগামী আরেকটি যাত্রীবাহী ট্রেন এসে বাসটিকে ধাক্কা দেয়।দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাসটি দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ রেললাইনের ওপর ছড়িয়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনার পর কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষ ঘটনায় দায়িত্বে থাকা গেটম্যান ও একজন সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে।

এক রেল কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাস রেললাইন পার হওয়ার সময় একটি লোকাল ট্রেন সেটিকে ধাক্কা দেয়। ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গেটম্যানের অবহেলার অভিযোগসহ দুর্ঘটনার কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য গেটম্যানের অবহেলাকেই দায়ী করেছেন।

LEAVE A REPLY