হেডকে বোল্ড করার পর হাসানের উদযাপন। ছবি : ক্রিকইনফো
সময়টা হাসান মাহমুদের। বাংলাদেশের হয়ে ডারউইনের পিচে ‘সোনা’ ফলাচ্ছেন তিনি।যেন এক এক করে ‘ফসল’ ঘরে তুলছেন বাংলাদেশি পেসার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে তার স্বভাবজাত কাজটা শুরু করেছেন। ২২৮ রানে এগিয়ে থেকে বোলিংয়ে নেমে প্রতিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়েছেন তিনি।
শুরুটা করেছেন জ্যাক ওয়েদারল্ডকে বোল্ড করে।নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান। দলীয় ৪ রানের সময় হাসানকে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন বাঁহাতি ওপেনার। এতে প্রথম ইনিংসে ২৩ রান করলেও এবার ‘ডাক’ মেরে বিদায় নেন।
শুরুতে সতীর্থ হারানোর ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন ট্রাভিস হেড-মারনাস লাবুশানে।তবে খুব বেশি দূর যেতে পারেননি তারা। ইনিংসের ১১তম ওভারে হেডকে বোল্ড করেন হাসান। ওয়েদারল্ডের মতোই আউট হন তিনিও। হাসানকে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড।
ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে মাঠ ছাড়ার সময় হতাশ হেড বেল ঠিক করে যান।এতে দলীয় ৩৭ রানে দুই ওপেনারকে হারিয়ে ঘরের মাঠ ডারউইনে হারের শঙ্কায় অস্ট্রেলিয়া। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। এখনো ১৮৪ রানে পিছিয়ে তারা। লাবুশানের ১৫ রানের বিপরীতে ৭ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ।
এর আগে তানজিদ হাসান তামিমের (১০১) সেঞ্চুরি প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। এ ছাড়া ফিফটি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত (৮৪) ও মেহেদী হাসান মিরাজ (৬৫)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন ৮৯ রান খরচ করা পেসার জশ হ্যাজলউড। আর প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অজিরা। বাংলাদেশের হয়ে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান।











































