সেনেগালের নতুন কোচ প্যাট্রিক ভিয়েইরা। ছবি: সংগৃহীত
জন্মভূমির টানে এবার সেনেগালের ফুটবলে ফিরলেন প্যাট্রিক ভিয়েইরা। ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতা এই তারকাকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন।গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ভিয়েইরার আনুষ্ঠানিক উপস্থাপনের তারিখ এবং তার দায়িত্ব গ্রহণের বিস্তারিত পরিকল্পনা পরে জানানো হবে। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাট্রিক ভিয়েইরা সেনেগালের জাতীয় সিনিয়র দলের নতুন কোচ। তার আনুষ্ঠানিক পরিচয় পর্বের তারিখ এবং দায়িত্ব গ্রহণের বিষয়টি পরবর্তী সময়ে জানানো হবে।’
৫০ বছর বয়সী ভিয়েইরা সেনেগালের রাজধানী ডাকারে ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। তবে মাত্র ৮ বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্রান্সে চলে যান। পরে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভিয়েইরার।২০০০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপও জেতেন কিংবদন্তি এই মিডফিল্ডার।
ফ্রান্সের হয়ে ভিয়েইরা খেলেছেন ১০৭ ম্যাচ। তবে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ছিল আর্সেনালে। সেখানে তিনি ৪০০টির বেশি ম্যাচ খেলেছেন এবং তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। ২০০৩-০৪ মৌসুমে সেই ‘ইনভিন্সিবল’ আর্সেনালের অধিনায়ক ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ভিয়েইরা। কোচ হিসেবে তিনি এর আগে কাজ করেছেন নিউইয়র্ক সিটি এফসি, নিস, ক্রিস্টাল প্যালেস, স্ট্রাসবুর্গ ও জেনোয়ার মতো ক্লাবে।
ইতালিয়ান ক্লাব জেনোয়ায় ভিয়েইরার সর্বশেষ কোচিং অধ্যায় শেষ হয় ২০২৫ সালের নভেম্বরে। সেনেগালের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে এবারই প্রথম কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন তিনি।
সেনেগালের ফুটবলের সঙ্গে ভিয়েইরার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০০৩ সালে আফ্রিকার দেশটির তরুণ ফুটবলারদের গড়ে তোলার লক্ষ্যে দিয়ামবার্স একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগে যুক্ত ছিলেন তিনি। ফলে সেনেগালের ফুটবল সংস্কৃতি ও দেশটির প্রতিভাবান তরুণদের সম্পর্কে তার স্বচ্ছ ধারণা আছে।
ভিয়েইরা সেনেগালের দায়িত্ব নিচ্ছেন পাপে থিয়াওয়ের উত্তরসূরি হিসেবে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর থিয়াও সরে দাঁড়ান। তার জায়গাতেই এবার জন্মভূমির জাতীয় দলের দায়িত্ব পেলেন ভিয়েইরা।
নতুন অধ্যায়ে ভিয়েইরার প্রথম বড় পরীক্ষা আফ্রিকান কাপ অব নেশনস ২০২৭-এর বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হওয়ার কথা এই বাছাই। একই সঙ্গে সেনেগালকে আরো শক্তিশালী করে ২০৩০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করাও তার দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর একটি।









































