ইনিংসে ৬ উইকেট পাওয়া বল হাতে স্টার্ক। ছবি : ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ। কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নেমে বিভীষিকাময় সময় কাটালেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।
ডারউইন টেস্ট জয়ের স্মৃতি দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট বাংলাদেশ। যা টাইগারদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। শঙ্কা জেগেছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৪৩ রান পার করা নিয়েও।
বাংলাদেশের মনে এই শঙ্কা জাগান মিচেল স্টার্ক।দ্বিতীয় টেস্টের শুরুতেই বাংলাদেশকে ‘দুঃস্বপ্ন উপহার’ দেন তিনি। দলীয় খাতায় ১২ রান তুলতেই ৫ উইকেট নেই বাংলাদেশের। সব কটি নেন বাঁহাতি পেসার। সেটিও মাত্র ২২ বলে।
ক্যারিয়ারে ১৯তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন স্টার্ক। দুর্দান্ত মুহূর্তটি প্রথম যার সঙ্গে শেয়ার করেছেন, তিনি একজন বিশেষ মানুষ—নিজের স্ত্রী এলিসা হিলি। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ম্যাকাই টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন। কমবক্স থেকে স্বামীর দুর্দান্ত পারফম্যান্সের সাক্ষী হিলি তাই টেস্টের মাঝে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ মিস করলেন না।
সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেওয়া স্টার্ক নিজের বোলিং নিয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা স্ত্রী হিলিকে বলেছেন, ‘এই উইকেটে প্রথমে বোলিংয়ের সুযোগ পাওয়াটা দারুণ ছিল।স্থানীয় বেশ কজন খেলোয়াড় বলছিল, উইকেটটা গ্যাবার মতো। তাই উইকেটের শুরুর দিকের সুবিধা কাজে লাগিয়ে প্রথম সেশনেই ছয়টি উইকেট তুলে নিতে পেরে আমরা মোটেও অসন্তুষ্ট নই (হাসি)।’
ডারউন টেস্টে অস্ট্রেলিয়ার কেমন বোলিং করা উচিত ছিল জানতে চাইলে স্টার্ক বলেন, ‘কিছুটা ফুলার লেন্থে আমাদের বল করতে হতো। অবশ্য, প্রথম টেস্টে বেশ ধৈর্য ধরে তারা খুবই ভালো ব্যাটিং করেছিল। তাই আমাদের মূল কাজ ছিল বলের লেন্থ একটু সামনে রাখা, বাউন্সারটা একটু বেশি করা এবং ক্যাচগুলো ঠিকঠাক ধরা।’









































