বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান কাণ্ডে শাস্তি পেলেন মেসি

সংগৃহীত ছবি

মাঠের মেজাজ হারিয়ে আলোচনার কেন্দ্রে এখন লিওনেল মেসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে চড় মেরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র।উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলএমটেনকে জরিমানার শাস্তি দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। তবে জরিমানার অঙ্ক গোপনেই রেখেছে সংস্থাটি।

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের সন্তান এই কুইন সুলিভান। একই ম্যাচে আলো ছড়িয়েছেন তার ছোট ভাই কাভান সুলিভানও।ম্যাচের শেষ দিকে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়েছিল। অবশ্য কাভানের এক ম্যাচের নিষেধাজ্ঞা ও লাল কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তীতে তুলে নেয় এমএলএসের স্বাধীন রিভিউ প্যানেল।

একই ম্যাচে উত্তাপ ছড়িয়েছেন মায়ামির ইয়ান ফ্রে-ও। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার মুখে কুইন সুলিভান পড়ে গেলে তার ঘাড় চেপে ধরেন ফ্রে।সুলিভানও উঠে দাঁড়িয়ে ফ্রেকে পাল্টা ট্যাকল করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফলে ফ্রে-কেও আলাদাভাবে জরিমানার শাস্তি পেতে হয়েছে।

বাংলাদেশি ফুটবলে সুলিভান পরিবারের যোগসূত্রটা বেশ পুরোনো। কুইনের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মঞ্চ কাঁপিয়েছেন। ফলে বাংলাদেশের সমর্থকরাও নিয়মিত চোখ রাখেন তাদের পারফরম্যান্সে।

এদিকে বিতর্কের রাতটি ব্যক্তিগতভাবে মেসির জন্য ছিল আবেগঘণ এক মুহূর্ত। বাবা হোর্হে মেসির প্রয়াণের পর এই ম্যাচেই প্রথম মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। মাঠে নেমেই এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। 
 

LEAVE A REPLY