ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

সংগৃহীত ছবি

জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও নির্ধারিত ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।এবারের সময়সীমা বৃদ্ধিকে শেষবারের মতো বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সরকার।

রবিবার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও নির্ধারিত ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, এটি শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি।ফলে যাদের মোটরযানের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা হয়নি, তারা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়াই প্রয়োজনীয় কর ও ফি পরিশোধ করে সেবা নিতে পারবেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY