নিজ গ্রামে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহ

সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া নওগাঁ আত্রাইয়ের ৭ জনের মরদেহ তাদের নিজ গ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাতে এসব মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামে এসে পৌঁছায়। শুক্রবার (২৮ আগস্ট) নওগাঁয় একই সঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে করে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বাকি ৭ জনের মরদেহও দ্রুত দেশে আনা হবে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। পরে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হয়।

শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।

LEAVE A REPLY