রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে পুতিন ও শারার ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং কৌশলগত সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে ফোনালাপে আলোচনা করেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার অনুষ্ঠিত এই ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি মস্কোর অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, সিরিয়ার সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি আক্রমণ ও বারবার সংঘটিত লঙ্ঘন জোরালোভাবে প্রত্যাখ্যান করেন তিনি। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার আলোচনায় রাজনৈতিক সংলাপ গভীর করার পাশাপাশি বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মধ্যপ্রাচ্যে রাশিয়ার অত্যন্ত কৌশলগত দুই সামরিক ঘাঁটি খুমিম বিমানঘাঁটি এবং তারেউস নৌঘাঁটির বর্তমান স্ট্যাটাস। গত ৯ আগস্ট স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের ওপর দুই নেতাই বিশেষ জোর দিয়েছেন।

দীর্ঘ ১৮ মাস দরকষাকষির পর চলতি মাসের শুরুর দিকে সিরিয়া ও রাশিয়ার মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। চুক্তি অনুযায়ী খুমিম বিমানঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটিকে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কেন্দ্রে রূপান্তর করা হবে। এই দুই ঘাঁটির বেসামরিক স্থাপনাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে সিরীয় কর্তৃপক্ষ।

ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার্থে আগামীতেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন পুতিন ও আল শারা।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY