যে মাঠে বিশ্বজয়, সেই মাঠেই ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

তাওহিদ হৃদয়। ছবি: ফেসবুক

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছিল সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ। ২০২০ সালে সেনওয়েস পার্কেই ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বিশ্বকাপজয়ী সেই দলের গর্বিত সদস্য ছিলেন তাওহিদ হৃদয়। ৬ বছর পর সেই মাঠেই ইতিহাস গড়লেন হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত হৃদয় ৩২৮ রানে অপরাজিত আছেন।

প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন হৃদয়। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি ব্যাটার তিনি।

অথচ দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর, এই ম্যাচ খেলার কথাই ছিল না হৃদয়ের। কিন্তু জাকির হাসান চোটে পড়ায় হৃদয় নিজেই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য বিসিবির আছে আগ্রহ প্রকাশ করেন।

যেহেতু আগামী নভেম্বরে বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফর করবে, তাই আগেভাগেই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলেন হৃদয়। সেটা তো হৃদয় করলেনই; সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলকেও বিপদ থেকে টেনে তুলে ম্যাচটিকে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছেন।

পচেফস্ট্রুমে গত রবিবার (৩০ আগস্ট) শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে ৫১২ রান করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। 

জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ ৩৭ রানে ২ উইকেট হারানোর পর হৃদয় ব্যাটিংয়ে নামেন। এক পর্যায়ে ১৩৫ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।তবে হৃদয় দমে যাননি। জাকের আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে বিশাল জুটি গড়েন তিনি। 

গতকাল তৃতীয় দিনেই ডাবল সেঞ্চুরি পেরিয়ে ২০৪ রানে অপরাজিত ছিলেন হৃদয়। আর আজ শেষ দিনে টেলএন্ডারদের নিয়ে ট্রিপল সেঞ্চুরি পেরিয়ে গড়লেন ইতিহাস। 

বাংলাদেশ ‘এ’ দল এরই মধ্যে ১৫০ ছুঁই ছুঁই লিড নিয়ে ফেলেছে। অবিশ্বাস্য কিছু না ঘটলে ম্যাচটি নিশ্চিত ড্র হবে।

LEAVE A REPLY