বাবার মতোই শেবাগপুত্রের ব্যাটে ঝড়, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের পুত্র আর্যবীর শেবাগ। ছবি : সংগৃহীত

ব্যাট হাতে ঝড় তোলাই ছিল তাঁর পরিচয়। বলের পর বল সীমানাছাড়া করে প্রতিপক্ষের বোলারদের বুকে কাঁপন ধরানো সেই ব্যাটার ছিলেন বীরেন্দর শেবাগ।আগ্রাসন ব্যাটিংই যেন বিনোদন। এবার যেন সেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের দেখা মিলল ভারতের সাবেক ওপেনারের ছেলে আর্যবীর শেবাগের কাছ থেকে। 

রক্ত বলে কথা! ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আর্যবীর। বাবার মতোই ওপেনিংয়ে নেমে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলের ইনিংসটি খেলেন ১৮ বছর বয়সী ব্যাটার।দিল্লির হয়ে বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছেন ১৯ চার ও ৮টি ছক্কায়। দিল্লির মোট রানের ৫৯.৮৬ শতাংশ তার ব্যাট থেকেই এসেছে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৮৯ রান করে দিল্লি।

ছেলের ব্যাটিং নিয়ে আগেই নিজের দর্শন জানিয়েছিলেন শেবাগ।তার পরামর্শ ছিল, বড় রানের চিন্তা নয়, নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। শেবাগ বলেছিলেন, ‘আর্যবীরকে বলেছি, চাপ থাকবেই। কিন্তু মাঠে গিয়ে স্বাধীনভাবে খেলবে। নিজের সামর্থ্য প্রকাশ করবে। বড় রান করার চিন্তা করো না।নিজের খেলাটা খেললে বড় রান এমনিতেই আসবে।’

সেটারই প্রতিফলন যেন দেখালেন আর্যবীর। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় তার। সেখানে তিন ম্যাচে করেন ১০৯ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ৪৭ রানের।

LEAVE A REPLY