পক্ষপাতদুষ্ট অভিযোগ করে আইসিসি থেকে সরে যাচ্ছে চাদ

ছবি : রয়টার্স

চাদ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অভিযোগ, আদালতটি কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে এবং আফ্রিকার দেশগুলোর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।সোমবার চাদ জাতিসংঘে একটি চিঠি জমা দিয়ে আইসিসি থেকে বের হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। 

রোম সংবিধির ভিত্তিতে গঠিত এই আদালত যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে। তবে আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে বের হতে অন্তত এক বছর সময় লাগে। ২০২৫ সালের পর চাদ হলো চতুর্থ আফ্রিকান দেশ, যারা আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে।এর আগে নাইজার, মালি ও বুরকিনা ফাসোও আদালটিতে অংশগ্রহণ বন্ধ করার ঘোষণা দেয়।

এদিকে আইসিসি বর্তমানে নানা সংকটের মুখে রয়েছে। ২৪ জুলাই যৌন অসদাচরণের অভিযোগে আদালটির প্রধান প্রসিকিউটর করিম খানকে পদ থেকে অপসারণ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, আইসিসি যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠেছে।তাই আদালটির প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চালানোর কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আফ্রিকা বিষয়ক ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে চাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। একই সঙ্গে রোম সংবিধির সদস্য অন্য দেশগুলোকেও আইসিসি থেকে সরে আসার আহ্বান জানায়।

LEAVE A REPLY