অনুদান কেলেঙ্কারিতে রিফর্ম ইউকের ২ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ছবি : ভিডিও থেকে নেওয়া।

যুক্তরাজ্যের নাইজেল ফারাজের কট্টর ডানপন্থি দল রিফর্ম ইউকের দুই শীর্ষ কর্মকর্তা শুক্রবার পদত্যাগ করেছেন। দলটির বিরুদ্ধে রাজনৈতিক অনুদানের নিয়ম লঙ্ঘনের নতুন অভিযোগ ওঠার পর পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

রিফর্ম ইউকে যুক্তরাজ্যের একটি ডানপন্থী রাজনৈতিক দল। ২০১৮ সালে ক্যাথরিন ব্লেইকলক ও নাইজেল ফারাজ এই দল প্রতিষ্ঠা করেন। প্রথমে এর নাম ছিল ‘ব্রেক্সিট পার্টি’, পরবর্তীতে ২০২০ সালে নাম পরিবর্তন করে ‘রিফর্ম ইউকে’ রাখা হয়। দলের বর্তমান প্রধান বা নেতা ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব নাইজেল ফারাজ।

পদত্যাগ করা দুই কর্মকর্তা হলেন ফারাজের দীর্ঘদিনের সহযোগী ড্যান জুকস এবং দলের নীতিবিষয়ক প্রধান জেমস অর। দলটি জানিয়েছে, চ্যানেল ৪ নিউজের গোপন তদন্তে উঠে আসা অভিযোগের পর তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

ফারাজের জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কের কারণে কমে যাওয়ার মধ্যেই এই ঘটনা ঘটল। রিফর্ম ইউকের বার্ষিক সম্মেলনে ফারাজের ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে চ্যানেল ৪ নিউজের প্রতিবেদনটি সম্প্রচার করা হয়।এতে অভিযোগ করা হয়, দলের কয়েকজন কর্মকর্তা রাজনৈতিক অনুদান সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রাজনৈতিক দলের অনুদান এবং ২০০০ সালের পলিটিক্যাল পার্টিজ, ইলেকশনস অ্যান্ড রেফারেন্ডামস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। 

চ্যানেল ৪ নিউজের তদন্তের পর ক্ষমতাসীন লেবার পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটস রিফর্ম ইউকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে। তবে শুরুতে অভিবাসনবিরোধী দলটি প্রতিবেদনটিকে ‘ভুয়া ঘটনা’ বলে দাবি করে অভিযোগটি প্রত্যাখ্যান করেছিল।

LEAVE A REPLY