কেন চাকরি ছেড়ে ভারতে ফিরছেন মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের চাকরি ছেড়ে ভারতে ফিরে আসছেন কেশবন শানমুগম। দীর্ঘ ২৩ বছরের সফল কর্মজীবনের পর বয়স্ক বাবা-মায়ের সান্নিধ্য পেতে তিনি এই চাকরি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কেশবন। বিশেষ করে মাইক্রোসফটের জনপ্রিয় ‘এক্সেল কো-পাইলট’ এবং ‘এজেন্টিক এআই’ প্রযুক্তি চালুর ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে বিশ্বজুড়ে যখন এআই নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে, ঠিক এমন সময়ে তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল।

তবে পেশাগত সাফল্যের চেয়ে পরিবার ও মাটির টানকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন।সম্প্রতি লিঙ্কডইনে দেওয়া এক আবেগঘন পোস্টে কেশবন শানমুগম লেখেন, ‘মাইক্রোসফটে ২৩ বছর কাটালাম। ভারতে বসবাসকারী আমার বয়স্ক বাবা-মায়ের সঙ্গে আরো বেশি সময় কাটানোর লক্ষ্যেই আমি অবসর নিচ্ছি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘এক্সেল কো-পাইলট’-এর মতো রোমাঞ্চকর কাজ এবং চমৎকার সহকর্মীদের ছেড়ে আসা সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত পরিবার ও বন্ধুদের সময় দেওয়াকেই তিনি জীবনের সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন।

LEAVE A REPLY