জ্বালানি ও বিনিয়োগে গুরুত্ব দিয়ে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ভারত সফর করবেন। এ সময় দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।১৭ থেকে ২২ অক্টোবর ভারত ও উজবেকিস্তান সফর করবেন তিনি। খবর ব্লুমবার্গ ও টাইমস অব ইন্ডিয়া

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরের অংশ হিসেবে ভারতের মুম্বাই ও জামনগর এবং উজবেকিস্তানের সমরকন্দে যাবেন রুবিও। চলতি বছর এটি তার দ্বিতীয় আনুষ্ঠানিক ভারত সফর।

ভারত সফরে দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারি আরো জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। জ্বালানি সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় থাকবে।

এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ খুঁজতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন রুবিও।

ভারত সফরের আগে উজবেকিস্তানে সি৫+১ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এ ফোরামের আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্য এশিয়ার পাঁচ দেশ—উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সেখানে অংশগ্রহণকারী দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন রুবিও।

উজবেকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের ২০০ জনের বেশি ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধিদলও থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য।

এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগও বাড়ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সোমবার জানিয়েছেন, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরো অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন সার্জিও গোর। সেখানে তিনি প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া এবং রাজস্থানে প্রথমবারের মতো মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধ সরবরাহে ভারতের ভূমিকার বিষয়টি তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে গত ২৩ থেকে ২৬ মে ভারত সফর করেছিলেন মার্কো রুবিও।

LEAVE A REPLY