২০২৭ সালে আবুধাবিতে সংগীত উৎসবে শাহরুখ

বলিউডের পর্দা পেরিয়ে এবার সংগীত উৎসবের আয়োজন নিয়ে আসছেন শাহরুখ খান। ২০২৭ সালের ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবে ‘ইউনিফাইড’ (UNIFYD) নামের এই সংগীত ও সাংস্কৃতিক উৎসব।এতে এক মঞ্চে সংগীত পরিবেশন করবেন অরিজিৎ সিং, সোনু নিগম ও করণ আওজলাসহ ১৫ জনের বেশি শিল্পী।

আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ লাইভে এক দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে। ভারতীয় সংগীতের বিভিন্ন ধারা ও প্রজন্মের শিল্পীদের একত্র করাই এর মূল লক্ষ্য। উৎসবটির সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন শাহরুখ খান।

এক বিবৃতিতে শাহরুখ বলেন, পর্দায় গল্প বলতে গিয়ে তিনি দেখেছেন, কীভাবে গল্প মানুষকে একত্র করে। সংগীতেরও মানুষকে কাছে আনার অসাধারণ ক্ষমতা রয়েছে। তার ভাষায়, ‘ইউনিফাইড’ ভারতীয় সংগীতের উল্লেখযোগ্য শিল্পীদের একই মঞ্চে নিয়ে আসবে। আয়োজনটি ব্যাপ্তি, উদ্দীপনা ও জাঁকজমকের দিক থেকে বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শাহরুখকে সুপারস্টার হিসেবে দেখতে চেয়েছিলেন মা

এক মঞ্চে অরিজিৎ, সোনু ও করণ

উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন অরিজিৎ সিং, সোনু নিগম ও করণ আওজলা। অরিজিতের জনপ্রিয় রোমান্টিক গান, সোনুর দীর্ঘদিনের সংগীতজীবনের পরিচিত সুর এবং করণের পাঞ্জাবি গান—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে ভিন্ন ধারার সংগীত উপভোগের সুযোগ।

আয়োজকদের দাবি, সোনু নিগম তার ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সংগীত উৎসবে পারফর্ম করবেন। একাধিক মঞ্চে ১৫ জনের বেশি শিল্পী সংগীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে।

উৎসবটি যৌথভাবে আয়োজন করছে ডি’ইয়াভল লাইভ ও ডিস্ট্রিক্ট।এর সঙ্গে রয়েছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ, মিরাল এবং এমিরেটস এনবিডি।

ডি’ইয়াভল লাইভ হলো ডি’ইয়াভল লাক্সারি কালেক্টিভের অংশ। শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, লেতি ব্লাগোয়েভা ও বান্টি সিং এই কালেক্টিভের সহপ্রতিষ্ঠাতা।

টিকিট বিক্রি শুরু কবে?

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এমিরেটস এনবিডি কার্ডধারীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ অক্টোবর সকাল সাড়ে ৯টায়, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী। এই সুযোগ চলবে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টা পর্যন্ত। সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টায়।

টিকিট কেনা যাবে শুধু ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে। তবে টিকিটের দাম এখনো ঘোষণা করা হয়নি।

আয়োজকরা জানিয়েছেন, আবুধাবিতে প্রথম আয়োজনের পর ‘ইউনিফাইড’কে অন্য শহর ও আন্তর্জাতিক বাজারেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় সংগীতের বৈশ্বিক জনপ্রিয়তাকে কেন্দ্র করে উৎসবটিকে আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে পরিণত করতে চান তারা।

LEAVE A REPLY