সংগৃহীত ছবি
চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা ছিল শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’। তবে শুটিংয়ের মাত্র নয় দিন বাকি থাকলেও কাজ শেষ না হওয়ায় ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।ফলে সিনেমাটি দেখতে শাকিবভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত বছরের অক্টোবরে আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ডিসেম্বরে সিনেমাটি মুক্তির প্রাথমিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতা সাবিক ফাহাদ। কিন্তু নির্ধারিত সময় ঘনিয়ে এলেও ছবির শুটিং শেষ করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, কয়েকবার শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করেও বাকি অংশের কাজ শুরু করা সম্ভব হয়নি।এর মধ্যে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’-এর কাজ শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি।
এরপর ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব। প্রায় দুই মাস সেখানে কাটিয়ে গত আগস্টে দেশে ফিরে ‘সোলজার’-এর বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা ছিল।কিন্তু অভিনেতাকে ক্যামেরার সামনে দাঁড় করাতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
শুটিং বারবার পিছিয়ে যাওয়ার জন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে শাকিবের ম্যানেজার মনির জামান গণমাধ্যমে বলেন, ‘গত কয়েক বছরে শাকিবের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই–তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো।কিন্তু তারা পারেননি।’
এদিকে শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া সম্মানীর বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী–কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
তার ভাষ্যে, খুব শিগগির শুটিং শেষ করে নতুন টিজারের মাধ্যমে মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষ দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। তবে দেশে ফিরেই আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’-এর কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন তিনি। নভেম্বরের শুরু থেকে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এরপর ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর শুটিংয়েও ব্যস্ত হওয়ার কথা তার।
এমন ব্যস্ত সময়সূচির মধ্যে ‘সোলজার’-এর বাকি নয় দিনের শুটিং কবে শেষ হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে চলতি বছরে ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
দেশপ্রেম ও সমাজের ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনায় রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। আরও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।










































