রয়টার্স ছবি
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজ বলছে, সন্ত্রাসীমূলক অপরাধ সংঘটিত করায় শনিবারই তাদের দণ্ড কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা ‘বিদেশি সন্ত্রাসী সংস্থায় যোগদান, নিরাপত্তাবাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া, নিজেদের কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলা চালানোর জন্য অর্থায়ন এবং সমর্থনে জড়িত ছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচজনের নামও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন- মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ।










































