রাজধানীর চারপাশের নদীদূষণ নিয়ন্ত্রণে অবৈধ শিল্প প্রতিষ্ঠানে সমন্বিত অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কেরানীগঞ্জের বেশ কয়েকটি ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় ১০ কারখানার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মাহবুব জামিল বলেন, রাজধানীর চারপাশের নদ-নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপিবিহীন তরল বর্জ্য নির্গমনকারী বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘ঢাকা শহরের চারপাশে যে নদী পথ, বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদী যেভাবে দূষিত হচ্ছে, এর মূল কারণ হলো অব্যবস্থায় গড়ে ওঠা ফ্যাক্টরিগুলো। ফ্যাক্টরিগুলোর বর্জ্য নদীতে ফেলা হচ্ছে।ঢাকা শহরে যে জনবসতি, তাদের জীবনমানে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই নদীগুলোই গুরুত্বপূর্ণ। এই নদীগুলোকে কিভাবে দূষণ থেকে রক্ষা করা যায় সে জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি সেন্ট্রাল কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির অধীনে তিনটি সাবকমিটি, যার প্রথম কমিটিটি হচ্ছে আমাদের আজকের যে অভিযান পরিচালনা করছি।’









































