সংগৃহীত ছবি
৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার প্রথম গান ‘তু মিল যায়ে’।গান প্রকাশের মধ্য দিয়ে একসঙ্গে ধরা দিয়েছেন শাহরুখের রোমান্টিক ও বিধ্বংসী দুই রূপ।
গানটিতে শাহরুখের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তবে প্রেমের মুহূর্তের পাশাপাশি গানজুড়ে রয়েছে রক্তাক্ত অ্যাকশন, মারামারি এবং অপরাধজগতের নানা ঝলক। সব মিলিয়ে প্রথম গানেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে ‘কিং’।
২ নভেম্বর মধ্যরাতে শাহরুখের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করা হয়। গত বছর অভিনেতার ৬০তম জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছিল নির্মাতা প্রতিষ্ঠান। এবার ৬১তম জন্মদিনে সামনে এল প্রথম গান। যদিও ভক্তদের প্রত্যাশা ছিল টিজার কিংবা ট্রেলার প্রকাশের, তবে গান দিয়েই নতুন চমক উপহার দিয়েছেন নির্মাতারা।

গানের শুরুতেই শাহরুখের সংলাপ, ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা…’। এরপরই পর্দায় ফুটে ওঠে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তগুলো। কখনো মনোরম প্রাকৃতিক পরিবেশে, কখনো একান্তে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। পুরো গানজুড়েই নজর কেড়েছে তাদের রসায়ন। বিশেষ করে ছোট কালো চুলের নতুন লুকে শাহরুখের উপস্থিতি পেয়েছে বাড়তি মাত্রা।
তবে রোমান্টিক আবহের মধ্যেই হঠাৎ বদলে যায় দৃশ্যপট। সামনে আসে শাহরুখের ভয়ংকর এক রূপ। লবণ-গোলমরিচ রঙের চুল, রক্তাক্ত মুখ আর বিধ্বংসী মেজাজে একাধিক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায় তাকে। পেছনে জ্বলতে থাকা আগুন, মারামারি ও রক্তাক্ত দৃশ্যগুলো সিনেমায় তার চরিত্রের অন্ধকার দিকের ইঙ্গিত দেয়। একই সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালান ব্যবসার সঙ্গে তার চরিত্রের যোগসূত্রেরও আভাস মিলেছে।

গানের শেষভাগে শাহরুখের আরেকটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে। তিনি বলেন, ‘পার ইস বার দিল মে আগ লাগি হ্যায়, আব দুনিয়া জালায়ে বিনা মানেগা নেহি।’ অর্থাৎ, এবার তার হৃদয়ে আগুন জ্বলেছে, আর সেই আগুনে দুনিয়াকে না জ্বালিয়ে থামবেন না তিনি।
‘তু মিল যায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনায় রয়েছেন শচীন-জিগর। গানটির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক সংগীতশিল্পী এড শিরানের র্যাপ। ভারতীয় ও আন্তর্জাতিক সংগীতশিল্পীদের এই ব্যতিক্রমী সমন্বয় গানটিকে ঘিরে তৈরি করেছে বাড়তি কৌতূহল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মাসহ আরও অনেকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গানেই শাহরুখের প্রেমিকসুলভ কোমলতা থেকে ভয়ংকর অ্যাকশন অবতার—দুই রূপের ঝলক দেখার পর এবার বড় পর্দায় ‘কিং’-এর রাজত্ব দেখার অপেক্ষায় ভক্তরা।











































