গাজার একটি পানি নিষ্কাশন অবকাঠামো মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। এতে ভারী বৃষ্টিতে পানি উপচে আশপাশের এলাকায় বন্যা ও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
ইউনিসেফের কর্মকর্তা জেমস এল্ডার জানিয়েছেন, গাজা সিটির শেখ রাদওয়ান বৃষ্টির পানি সংরক্ষণ ও নিষ্কাশন অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত। এতে পয়োনিষ্কাশনের নোংরা পানি জমে রয়েছে। ভারী বৃষ্টিতে পানি উপচে আশপাশের বসতি ও তাঁবুতে ছড়িয়ে পড়তে পারে।
এল্ডার বলেন, অবকাঠামোটি মেরামতের জন্য এক বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে কাজ করছিল ইউনিসেফ। এ জন্য ৩০ লাখ ডলারের একটি পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু গত কয়েক দিনে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) প্রকল্পটি প্রত্যাখ্যান করেছে।
তার ভাষায়, নোংরা ও বিষাক্ত পানি রাস্তায় এবং তাঁবুতে ছড়িয়ে পড়লে শিশু ও পরিবারগুলো আবারও আশ্রয়হীন হয়ে পড়বে। একই সঙ্গে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়বে।
ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তার কারণ দেখিয়ে প্রকল্পটি আটকে দিয়েছে বলে ধারণা করছেন এল্ডার। হামাস সামরিক বা বেসামরিক কাজে ব্যবহার করতে পারে—এমন পণ্য ও সরঞ্জাম গাজায় প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের কঠোর বিধিনিষেধ রয়েছে।
এদিকে চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন আশ্রয়শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনটি ছোট শিশু রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার বলেছেন, বন্যা, অপর্যাপ্ত পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্য ও পানি সেবার সংকটের কারণে গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
তিনি জানান, গাজায় বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ মানুষ মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যার ঝুঁকিতে রয়েছেন।
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজার পুনর্গঠন কার্যক্রমে তেমন অগ্রগতি হয়নি। হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় মতৈক্য না হওয়ায় পুনর্গঠন প্রক্রিয়া আটকে আছে।
সূত্র: রয়টার্স।










































