ছবি : রয়টার্স।
সোনিয়া গান্ধী তার স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে না আসার জন্য মিনতি করেছিলেন, কিন্তু যখন তার ছেলে রাহুল গান্ধীর রাজনীতিতে জীবন উৎসর্গ করার সময় এলো, তখন তিনি বাধা দেননি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ এই তথ্য প্রকাশ করেছেন।বইটি আজ বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে।
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লিখেছেন, ‘রাজনীতির প্রতি রাহুলের দীর্ঘদিনের আগ্রহ ছিল।’ তাছাড়া তাদের পারিবারিক নির্বাচনী আসন উত্তরপ্রদেশের আমেথির সাথে রাহুল ও প্রিয়াঙ্কার একটি গভীর ও স্থায়ী সম্পর্ক গড়ে উঠেছিল।
সোনিয়া গান্ধী উল্লেখ করেন, গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য রাজীব গান্ধী স্কুলজীবনে এবং পরবর্তীতেও রাহুলকে বেশ কয়েকবার আমেথিতে নিয়ে গিয়েছিলেন।সোনিয়া গান্ধী আরো জানান, তার সব নির্বাচনেই প্রিয়াঙ্কা আমেথিতে উপস্থিত ছিলেন এবং দলীয় কর্মী ও সাধারণ মানুষের কাছে নিজেকে প্রিয় করে তুলেছিলেন।
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ‘তবে প্রিয়াঙ্কার অগ্রাধিকার ছিল তার ছোট সন্তানদের লালন-পালন করা এবং বৌদ্ধধর্মের ওপর স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করা। রাহুল যখনই ভারতে ফিরতেন, তখনই আমার বা তার বোনের সঙ্গে আমেথিতে যেতেন এবং নির্বাচনী এলাকায় তারা দুজনই বেশ পরিচিত মুখ ছিলেন। অবশেষে তিনি যখন স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন, তখন সেই সফরগুলোর সময়ই জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে কাজ করার প্রতি রাহুল এক ধরনের আকর্ষণ অনুভব করেন।’
সোনিয়া গান্ধী লিখেছেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুলের এমফিল-এর বিষয় ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ এবং বিদেশে কর্মরত থাকা অবস্থাতেও তিনি ভারতের রাজনৈতিক ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন।
তিনি আরো লিখেছেন, ‘দল তাকে (রাহুল) সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছিল। এর অর্থ ছিল তার জীবনের সম্পূর্ণ পরিবর্তন—তিনি একজন জননেতায় পরিণত হবেন, যার প্রতিটি পদক্ষেপ মানুষ দেখবে ও বিচার করবে। প্রিয়াঙ্কা ও আমার সাথে আলোচনা এবং নিজের গভীর চিন্তাভাবনার পর রাহুল এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন।’
২০০৪ সালের মার্চ মাসে রাহুল জানান যে তিনি আমেথি থেকে নির্বাচনে লড়বেন, আর সোনিয়া গান্ধী পার্শ্ববর্তী রায়বেরেলি আসনে সরে যান।
সোনিয়া লিখেছেন, ‘দুই দশক আগে আমি রাজীবের কাছে মিনতি করেছিলাম যেন তিনি রাজনীতিতে না আসেন, নিজেকে এবং আমাদের সবাইকে ওই ভয়ংকর জগতের মধ্যে ঠেলে না দেন। এবার ছিল আমার ছেলের পালা। কিন্তু এবার আমি আর বাধা দিইনি। রাহুল তার বাবার পরিণতি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন, এ নিয়ে তিনি বাবার সাথে ঝগড়াও করেছিলেন। তবুও তিনি নিজের ভেতরে বাবার আদর্শের প্রতি এক গভীর আত্মীয়তা এবং আসন্ন বিপদের মুখেও বাবার অকুতোভয় পথচলার প্রতি শ্রদ্ধা লালন করতেন।’
তিনি আরো লিখেছেন, রাহুল তার প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন এবং রাজীব যেমনটা করেছিলেন, ঠিক তেমনই গ্রামীণ আমেথিতে ব্যবসা ও শিল্পকারখানা নিয়ে আসার মাধ্যমে অত্যন্ত উৎসাহের সাথে তার নতুন দায়িত্ব পালন শুরু করেন।
প্রিয়াঙ্কা নিজেকে একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে প্রমাণ করে আমেথিতে স্বনির্ভর গোষ্ঠী চালু করেছিলেন, যা নারীদের পরিবর্তনের কারিগর হয়ে উঠতে একে অপরকে সহায়তা করতে উৎসাহিত করেছিল। গান্ধী লিখেছেন, ‘গোষ্ঠীগুলো ছোট পরিসরে শুরু হলেও ছিল অত্যন্ত সম্ভাবনাময়, এবং রাহুলের সম্পৃক্ততায় আমেথির স্বনির্ভর গোষ্ঠী উত্তর ভারতের বৃহত্তম গোষ্ঠীতে পরিণত হয়। এ ছাড়া তিনি সেখানে একটি অত্যন্ত প্রয়োজনীয় চক্ষু হাসপাতালও স্থাপন করেছিলেন, যার শাখা পরবর্তীতে লখনউ এবং হরিয়ানায় বিস্তৃত হয়েছে।’









































