টালিপাড়ার অন্যতম আলোচিত তারকা জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। পর্দায় দুজনের আলাদা জনপ্রিয়তা থাকলেও বাস্তবের প্রেমের গল্প তাদের অনুরাগীদের আরও কাছের করে তুলেছে। দীর্ঘ এক দশকের বেশি সময় প্রেম, ধুমধাম করে বিয়ে এবং একসঙ্গে কাজের সুবাদে তাদের সম্পর্ক ছিল খবরের শিরোনামে। তবে বিয়ের কিছু সময় পর থেকেই তাদের দাম্পত্য নিয়ে নানা জল্পনা শুরু হয়। একসঙ্গে দেখা না যাওয়া কিংবা সামাজিক মাধ্যমে অনুপস্থিতির কারণে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তৃণা বরাবরই বিবাহবিচ্ছেদের খবর অস্বীকার করেছেন। সম্প্রতি কলকাতায় এক দীপাবলি পার্টিতে দুজনকে একসঙ্গে নাচতে দেখা যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা।
জানা যায়, নীল ও তৃণার প্রথম আলাপ কোনো শুটিং ফ্লোরে নয়, বরং পড়াশোনার সূত্রে। কলকাতার ত্রিকোণ পার্কের কাছে একটি কোচিং সেন্টারে এমবিএ পড়ার প্রস্তুতির সময় তাদের প্রথম দেখা হয়। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সেই সম্পর্ক এক দশকের বেশি সময় ধরে গভীর প্রেমে রূপ নেয়। ২০২০ সালে বিয়ের পরিকল্পনা নিয়ে নীল জানান, ২০১১ সালে এমবিএ প্রস্তুতির সময় কোচিংয়ে তৃণাকে প্রথম দেখেছিলেন তিনি। তৃণার হলুদ পোশাক দেখে তিনি নাম দিয়েছিলেন ‘ব্রাইট সানি ডে’। দীর্ঘ প্রেম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৭ সালের ২১ জানুয়ারি তৃণার জন্মদিনে নীল তাকে বিয়ের প্রস্তাব দেন।

২০২১ সালের ৪ ফেব্রুয়ারি অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিনোদন জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিয়েতে। আলোয় সাজানো বজরায় চড়ে বিয়ের আসরে প্রবেশ করেছিলেন নীল।
অভিনয়ের দিক থেকেও দুই জনেই বেশ জনপ্রিয়। নীলের ক্যারিয়ার শুরু হয় ‘ঠিক যেন লাভ স্টোরি’ নাটকের মাধ্যমে। পরবর্তীতে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নিখিল চরিত্র তাকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। এছাড়া বড় পর্দা ও ওটিটিতেও কাজ করেছেন তিনি। অন্যদিকে, তৃণা ‘খোকাবাবু’ ও ‘খড়কুটো’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে তার নানা কাজ। পাশাপাশি রাজনীতির মাঠেও তাদের সক্রিয়তা দেখা গেছে।
বিয়ে ও দাম্পত্য জীবনের শুরুর দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও সময়ের সঙ্গে তাদের একসঙ্গে উপস্থিতি কমতে থাকে। ফলে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। তবে ২০২৫ ও ২০২৬ সালে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে তৃণা স্পষ্ট জানিয়ে দেন যে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি এবং ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার জবাবদিহি করতে তিনি বাধ্য নন।
সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি এক দীপাবলি পার্টিতে একসঙ্গে দেখা মেলে নীল ও তৃণার। কালো এথনিক পোশাকে নীল এবং ডিজাইনার পোশাকে তৃণাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। শুধু পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলা নয়, ডান্স ফ্লোরে একসঙ্গে নাচতেও দেখা যায় তাদের। এই ভিডিও প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ঘুচে গেল দূরত্ব? জুটির সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা এখন তুঙ্গে।
সূত্র: দ্য ওয়াল










































