বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না, দেখে গোল-অ্যাসিস্ট : বার্সেলোনা মিডফিল্ডার

ছবি : রয়টার্স

মাঠে মিডফিল্ডারদের প্রকৃত অবদান নিয়ে ভক্ত-সমর্থকদের ভুল ধারণার কড়া জবাব দিয়েছেন বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং। আক্রমণাত্মক তৃতীয়াংশে নিজের যথেষ্ট ভূমিকা না রাখা কিংবা অনেক সময় ম্যাচে নিজের ছায়া হয়ে থাকার মতো পুরনো সমালোচনাগুলো নিয়ে বরাবরই সোচ্চার থাকা এই তারকা এবার সরাসরি ফুটবল সমর্থকদের ম্যাচ বোঝার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার স্পষ্ট ভাষায় বলেন, ‘মানুষ আসলে ঠিকমতো ম্যাচ দেখে না। খুব কম মানুষই পুরো ৯০ মিনিট ধরে ম্যাচ উপভোগ করে।’

মাঠের ভেতরের ট্যাকটিক্যাল লড়াই ও অদৃশ্য অবদান সাধারণ চোখে ধরা পড়ে না উল্লেখ করে ডি ইয়ং আরো যোগ করেন, ‘মাঠে ঠিক কী ঘটছে বা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, সাধারণ দর্শকরা তা বোঝেন না। তাদের কাছে একজন খেলোয়াড়কে মূল্যায়ন করার সবচেয়ে সহজ উপায় হলো সে কয়টি গোল করল বা কয়টি অ্যাসিস্ট করল, সেদিকে তাকানো।আর স্বাভাবিকভাবেই আমার (মিডফিল্ডার) ক্ষেত্রে সেই সংখ্যাগুলো অনেকটাই কম।’

উল্লেখ্য, সাবেক আয়াক্স তারকা ডি ইয়ং সবসময়ই দাবি করে এসেছেন যে, যারা ফুটবল সত্যিকারের অর্থে বোঝেন, তারা প্রতি সপ্তাহে মাঠে তার পরিবেশন করা ‘অদৃশ্য ও ট্যাকটিক্যাল’ কাজগুলো ঠিকই উপলব্ধি করতে পারেন। গোল বা অ্যাসিস্টের ঝলক না থাকলেও দলের ভারসাম্য রক্ষায় তার মতো মিডফিল্ডারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তাও স্মরণ করিয়ে দেন এই বার্সেলোনা তারকা। 
 

LEAVE A REPLY