বাংলাদেশের গ্রাম কিংবা শহরে গরু, ছাগল, ভেড়া, মহিষের দেখা মেলে নিয়মিত। কিন্তু গাধা দেখা যায় খুব কম।অথচ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহন, কৃষিকাজ ও দুর্গম এলাকায় যাতায়াতের কাজে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে প্রাণীটি। বাংলাদেশে গাধার উপস্থিতি এত কম কেন? এর পেছনে রয়েছে ব্যবহারিক প্রয়োজন, মানুষের অভ্যস্ততা এবং প্রাণীটির পরিচর্যার নানা সীমাবদ্ধতা।
দেশে গাধার সংখ্যা কত
বাংলাদেশে মোট কতটি গাধা রয়েছে, তার নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান নেই। ২০২৪ সালের ৮ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডেইলি স্টার।প্রতিবেদনে প্রাণিসম্পদ অধিদপ্তরের তৎকালীন উপপরিচালক (প্রশাসন) পল্লব কুমার দত্তের বরাতে বলা হয়, দেশে গাধার সংখ্যা নির্ধারণে অধিদপ্তর কোনো জরিপ করেনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের ‘লাইভস্টক ইকোনমি অ্যাট আ গ্লান্স’ প্রতিবেদনেও গবাদিপশুর তালিকায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার হিসাব দেওয়া হয়েছে। হাঁস-মুরগির সংখ্যাও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তবে সেখানে গাধার কোনো পৃথক পরিসংখ্যান নেই।
জাতীয় চিড়িয়াখানায় বেড়েছে গাধা
দেশে গাধার মোট সংখ্যা জানা না গেলেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার হিসাব পাওয়া যায়। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে জাতীয় চিড়িয়াখানায় গাধা ছিল ৯টি। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪টিতে। চিড়িয়াখানার তৎকালীন কিউরেটর মাজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছিলেন।
অর্থাৎ, চিড়িয়াখানায় গাধার সংখ্যা বাড়লেও সারা দেশে প্রাণীটির মোট সংখ্যা কত, তা এখনো অজানা।
পরিবহনে গাধার ব্যবহার কম
গাধা সাধারণত ভার বহন ও পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। অতীতে বাংলাদেশের কিছু দুর্গম এলাকায়ও এ ধরনের প্রাণীর প্রয়োজনীয়তা ছিল। তবে সময়ের সঙ্গে যোগাযোগ ও পরিবহনব্যবস্থায় পরিবর্তন এসেছে। সড়ক, মোটরচালিত যানবাহন এবং পণ্য পরিবহনের বিকল্প ব্যবস্থা বিস্তৃত হওয়ায় গাধার ওপর নির্ভরশীলতা তৈরি হয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মঈজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, অতীতে পণ্য পরিবহনে গাধার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশে গাধার প্রকৃত সংখ্যা জানতে জরিপের প্রয়োজন বলেও মত দেন তিনি।
বাংলাদেশে গাধা পালনের অভ্যাস গড়ে ওঠেনি
বাংলাদেশে গাধার সংখ্যা কম থাকার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রাণীটি পালনের প্রচলন না থাকা। ২০১২ সালে প্রকাশিত হেলেন কেলার ইন্টারন্যাশনালের (এইচকেআই) একটি প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদনে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে গাধা ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, দুর্গম এলাকায় পণ্য পরিবহনের জন্য খাগড়াছড়ির কয়েকটি সম্প্রদায়ের মধ্যে গাধা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় মানুষের কাছে প্রাণীটি পরিচিত না হওয়ায় তারা গাধা পালনে খুব একটা আগ্রহী ছিলেন না। প্রকল্পের আওতায় ২০টি গাধা দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ছয়টি দেওয়া হয়। গাধা সংগ্রহ করতেও সমস্যায় পড়তে হয়েছিল প্রকল্প সংশ্লিষ্টদের।
পরিচর্যা ও চিকিৎসারও প্রয়োজন
গাধা পালন শুধু খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করলেই সম্ভব নয়। প্রাণীটির স্বাস্থ্যসেবা, রোগব্যাধি সম্পর্কে জ্ঞান এবং পরিচর্যার জন্য প্রশিক্ষিত লোক প্রয়োজন। এইচকেআইয়ের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, গাধার চিকিৎসা ও দক্ষ পরিচর্যার ব্যবস্থা না থাকাও বাংলাদেশে প্রাণীটি পালনের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ। এ কারণে প্রকল্পের আওতায় স্থানীয়দের প্রশিক্ষণ এবং সরকারি পশুচিকিৎসককে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, স্থানীয় মানুষের কাছে গাধা পরিচিত না হওয়া এবং বিকল্প মোটরচালিত পরিবহনব্যবস্থা থাকায় প্রকল্পের ছোট পরিসরে গাধা ব্যবহারের উদ্যোগটি প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি।
সব মিলিয়ে বাংলাদেশে গাধা দেখা না যাওয়ার পেছনে একটি নির্দিষ্ট কারণ নয়, বরং কয়েকটি বিষয় কাজ করছে। পণ্য পরিবহনে প্রাণীটির ব্যবহার সীমিত, গাধা পালনের সামাজিক ও বাণিজ্যিক প্রচলন নেই, পাশাপাশি পরিচর্যা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় দক্ষতারও ঘাটতি রয়েছে। তবে দেশে গাধার প্রকৃত সংখ্যা কত, তা নিশ্চিতভাবে জানতে জাতীয় পর্যায়ে জরিপের বিকল্প নেই।










































