সুনীর নারিনের সেঞ্চুরিতে ২২৩ রানের পুঁজি পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। বিশাল লক্ষ্য তাড়ায় যেমন শুরুর প্রয়োজন ছিল, তেমনই পেয়েছিল রাজস্থান রয়্যালস। তবে মাঝে এসে ছন্দপতন হয়। ১৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তোলে ১২৮ রান।
অর্থাৎ শেষ ৬ ওভারে করতে হতো ৯৬ রান। ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকা ওপেনার জস বাটলার তখন শেষ অবলম্বন রাজস্থানের। শেষ অবধি ২ উইকেটে জেতে রাজস্থান। ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন বাটলার।
ম্যাচ জেতানো নাটকীয় ইনিংসকে নিজের আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংস বলছেন ইংল্যান্ডের সাদা বলের সংস্করণের অধিনায়ক। সঙ্গে এমন ইনিংসের জন্য কৃতিত্ব দিলেন রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারাকে।
বাটলার বলেন, ‘সাঙ্গাকারা আমাকে এই কথাটিই (শেষ পর্যন্ত টিকে থাকা) বলেছে। সাঙ্গাকারা এটাও বলেছে যে, একটা ব্রেকিং পয়েন্ট পেলেই চিত্র আবার বদলে যাবে।
আমাকে উইকেটে টিকে থাকতে বলেছিল সাঙ্গাকারা। কারণ একটা জায়গায় এসে মোমেন্টাম বদলাবেই।’
আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসটি নিয়ে বাটলার বলেন, ‘আমার সেটাই মনে হচ্ছে (আইপিএলে সেরা ইনিংস)। বিষয়টি আমাকে খুব স্বস্তি দিয়েছে।’
অথচ এবার টুর্নামেন্টের শুরুটা ভালো ছিল না বাটলারের।
প্রথম তিন ইনিংসে ১১, ১১ ও ১৩ রান করেন। পরের তিন ইনিংসের মধ্যে ২টি সেঞ্চুরি। দুই ম্যাচেই অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। বাটলার জানান, নিজের প্রতি আত্মবিশ্বাসের কারণেই এমন ইনিংস খেলতে পেরেছেন তিনি, ‘নিজের ওপর আত্মবিশ্বাস রাখাটাই এদিন আসল কাজটা করে দিয়েছে। আমি টুর্নামেন্টের প্রথম দিকে ব্যাটিংয়ে ছন্দ পাচ্ছিলাম না। ধীরে ধীরে আমি সেটা ফিরে পাই। এটা যখন হয়, তখন মাঝে মাঝে হতাশ হয়ে যাই বলে মনে হয়। তখন নিজেই নিজেকে প্রশ্ন করি। আমি নিজেকে বলি, এটা হতে পারে। চিন্তার কারণ নেই।’
বাটলারের সঙ্গে ফর্মের তুঙ্গে রয়েছে রাজস্থান। ৭ ম্যাচ খেলে ৬ জয় নিয়ে শীর্ষে আইপিএলের প্রথম মৌসুমের চ্যাম্পিয়নরা।











































